কলকাতার ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে খুন আটমাসের শিশুকে


রবিবার সাতসকালে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে হইচই। এক ফুটবাসীর আটমাসের শিশু উধাও হওয়া নিয়ে হইচইয়ের শুরু। এরপর বেলার দিকে ওই শিশুর দেহ মিলল পার্কের ভিতর। ফলে সুবোধ মল্লিক স্কোয়ার এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায় রবিবার সকাল থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে ফুটপাথে শুয়ে থাকা মায়ের পাশ থেকেই কে বা কারা তুলে নিয়ে যায় ওই আটমাসের শিশুটিকে। ভোর সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা টের পান মা। এরপরই ফুটপাথে থাকা অন্যান্য মানুষজন ও ওই পরিবার শুরু করেন খোঁজ। এরপর সূর্য ওঠার পর সকাল ৬টা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ারের পার্কের ভিতর শিশুটির নিথর দেহ খুঁজে পান ওই পার্কের নিরাপত্তারক্ষী। তিনিই প্রথম পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই একরত্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ওই একরত্তিকে। তবে কেন এই খুন সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি জেরা করা হচ্ছে ওই ফুটপাথে শুয়ে থাকা সকলকেই। এছাড়া ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post