
বুধবার সাতসকালেই নারকেলডাঙা মেন রোডে একটি বাড়ির সামনে থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হল এক করোনা রোগীর। স্থানীয় বাসিন্দাদের দাবি, ছাদ থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির। খাস কলকাতায় এক করোনা রোগীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নারকেলডাঙা মেন রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রামকিশোর কেজরিওয়াল। তিনি পেশায় ব্যবসায়ী। গতমাসেই তাঁর করোনা উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ এলে স্বাস্থ্যদফতরের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনেই চিকিৎসা চলছিল রামকিশোরবাবুর। তাঁর পরিবারের কয়েকজনও করোনায় আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছিলেন। বুধবার সকালে এক বিকট আওয়াজে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই দেখেন আবাসনের সামনে পড়ে রয়েছে রক্তাক্ত রামকিশোর কেজরিওয়ালের দেহ। সঙ্গে সঙ্গেই তাঁরা ফুলবাগান থানায় খবর দেন। পরে পুলিশ এসে দেহটি স্বাস্থ্যবিধি মেনে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে এটি খুন নাকি আত্মহত্যা সেটা নিয়ে ধন্ধে পুলিশ। পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। মৃতের পরিবারের দাবি, নারকেলডাঙা মেন রোডের এই ফ্ল্যাটটি মাসদুয়েক আগেই কিনেছিলেন ব্যবসায়ী রামকিশোর কেজরিওয়াল। এই ফ্লাটের দাম প্রায় ২ কোটি টাকা। অভিযোগ, টাকা মিটিয়ে দেওয়ার পরও ফ্ল্যাটের কাগজপত্র হাতে পাননি তিনি। ফলে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এরসঙ্গেই জুড়ে যায় তাঁর ও পরিবারের কয়েকজনের করোনা সংক্রমণ। ফলে অনুমান মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ। তবে পুলিশ তদন্তে সবদিকই খতিয়ে দেখছে।
Post a Comment
Thank You for your important feedback