
ঘূর্ণিঝড় আমফানের জেরে প্রকৃত ক্ষতিগ্রস্থরা ক্ষতিপূরণ পাননি। এমনই অভিযোগে তোলপাড় হয়েছিল বাংলা। ফলে রাজ্যবাসীর জন্য ফের আবেদনের দরজা খুলে দিয়েছিল নবান্ন। গত ৬ ও ৭ আগস্ট দ্বিতীয়বার আবেদন করা যাবে বলা হয়েছিল। আর তাতেই রাজ্যের ছয় জেলা থেকে প্রায় ৫ লাখ ৭০ হাজার আবেদনপত্র জমা পড়েছে বলেই জানা যাচ্ছে। ফলে চিন্তায় প্রশাসন। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা জেলা থেকেই সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ক্ষতিপূরণ চেয়ে। জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের ২ লাখ ৭০০০ বাসিন্দা পুনরায় আবেদন করেছেন। উত্তর ২৪ পরগনা জেলায় আবেদন জমা পড়েছে ১ লাখ ৭০ হাজার। আর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে ১ লাখ ৪৭ হাজার মানুষ ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন। তালিকায় নাম রয়েছে কলকাতা, হাওড়া ও হুগলি জেলারও। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই আমফানে ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকার খরচ করেছে প্রায় ১,৫৫৭ কোটি টাকা। এরপরও ফের নতুন করে এত মানুষ আবেদন করায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনিক কর্তাদের। নবান্ন থেকে জানানো হয়েছে, আগামী ১৪ আগস্ট এই আবেদন যাচাই করে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে জেলার সমস্ত বিডিও ও পুরসভা কার্যালয়ে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটে আগামী ১৯ আগস্ট।

Post a Comment
Thank You for your important feedback