ব্যাপক ভাঙচুর, আগুন, ফের উত্তপ্ত মুঙ্গের, বদলি এসপি, ডিএম

দুর্গাপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিহারে মুঙ্গেরে পুলিশের গুলিচালনার প্রতিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গোটা শহর। গত সোমবার বিসর্জনকে কেন্দ্র করে মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন বহু। দৈনিক প্রভাত খবর জানাচ্ছে, বৃহস্পতিবার প্রচুর মানুষজন রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কোতোয়ালি থানার বাইরে ব্যাপক ভাঙচুর করা হয়।

 

পুলিশের সুপার এবং মহকুমাশাসকের অফিসে, পূরবসরাইয়ের ফাঁড়িতে আগুন ধরানো হয়। জ্বালানো হয় পুলিশের একাধিক গাড়ি। ভাঙচুর করা হয় বহু গাড়ি। বিডিওর বাড়িতেও হামলা হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বলে সংবাদসংস্থা জানাচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, এসপি লিপি সিংকে বরখাস্ত করতে হবে। দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবিও জানানো হয়েছে। বাসুদেবপুর ফাঁড়িতেও ভাঙচুর চালানো হয়েছে।

বরখাস্ত করা হয়েছে বাসুদেবপুরের ফাঁড়ির অফিসার ব্রিজেশ সিংকে। জনতার আক্রোশের সামনে পুলিশ কার্যত গা ঢাকা দিয়েছে। মুঙ্গেরের জেলাশাসক রাজেশ মিনা জানিয়েছেন, মুঙ্গের মফসসল থানার অফিসার সুনীল কুমারকেও বরখাস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন মুঙ্গেরের এসপি ও জেলাশাসককে বদলি করার নির্দেশ দিয়েছে। সাতদিনের মধ্যে পুরো ঘটনার তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য মগধের ডিভিশনাল কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। ছবিঃ প্রভাত খবর


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post