রাজ্য পুলিশ ও প্রশাসনে করোনার থাবা অব্যহত। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ফ্রন্টলাইন কোভিড যোদ্ধার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ফলে চিন্তায় প্রশাসনের শীর্ষকর্তারা। বৃহস্পতিবার একইদিনে করোনায় মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার পুলিশ ও প্রশাসনের দুই আধিকারিকের। প্রথমজন হলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত নোদাখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি) অনিন্দ্য বসু (৪৭)। দ্বিতীয়জন হলেন মন্দিরবাজার ব্লকের বিডিও সৈয়দ আহমেদ (৫৬)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়ে নোদাখালি থানার আইসি অনিন্দ্য ১২ অক্টোবর আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে অবস্থার অবনতি হলে বাইপাসের ধারে এক হাসপাতালে পাঠানো হয়। সেখানেই বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তরুন এই পুলিশ ইনস্পেক্টরের। উল্লেখ্য, এই নোদাখালি থানার এক কনস্টেবল মাস তিনেক আগে করোনায় আক্রান্ত হয়েই মারা গিয়েছিলেন।
অপরদিকে, গত সোমবার করোনা উপসর্গ নিয়ে এম আর বাঙুর কোভিড হাসপাতালে ভর্তি হন মন্দিরবাজারের বিডিও সৈয়দ আহমেদ। তাঁর উচ্চ হাই সুগারের সমস্যা ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ মৃত্যু হয় ওই আধিকারিকের। একই দিনে জেলার দুই আধিকারিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনিক মহলে।

Post a Comment
Thank You for your important feedback