২৭ জনের দল নিয়ে আইএসএলে খেলতে নামছে এটিকে-মোহনবাগান। করোনা আবহে এবারের আইএসএল পুরোপুরি হবে গোয়ায়। দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে সমস্ত হোম ও অ্যাওয়ে ম্যাচ। ফলে এবারের আইএসএলের উদ্দীপনা অনেকটাই কম। তবুও ইস্টবেঙ্গল ও মোহনবাগানের অন্তর্ভুক্তি হওয়ায় কিছুটা উৎসাহ রয়েছে। গতবারের চ্যাম্পিয়ন কোচ অ্যান্তোনিয়ো লোপেজ হাবাস আগেই এটিকে-মোহনবাগানের ২৭ জনের তালিকা প্রকাশ করেছিলেন। এবার তিনি ৫ জনের নাম জানালেন দলের অধিনায়ক বাছাইয়ের জন্য। এদের মধ্যেই একজনের হাতে উঠবে অধিনায়কের আর্ম ব্যান্ড।
তালিকায় দুজন বিদেশি এবং তিনজন ভারতীয়। বিদেশিদের মধ্যে রয়েছেন রয় কৃষ্ণ এবং এডু গার্সিয়া। এবং ভারতীয়দের মধ্যে প্রীতম কোটাল, অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে সন্দেশ ঝিঙ্ঘন রয়েছেন। একমাত্র সন্দেশ ছাড়া বাকি চারজনই গতবার এটিকে-র চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। এটিকে-মোহনবাগানের এক কর্তার কথায়, হাবাস বরাবরই টিম গেমে বিশ্বাস করেন।
এর আগেও তিনি একাধিক অধিনায়ক বাছাই করেছিলেন। পাশাপাশি তারকা প্রথাতেও বিশ্বাসী নন হাবাস। তাই তাঁর দলে একাধিক অধিনায়ক থাকে। এদের মধ্যে ম্যাচ বিশেষে একজনের হাতে আর্ম ব্যান্ড ওঠে। আর মাঠে নেমে ভালো পারফরমেন্স করতেও এটা একটা মাপকাঠি হতে পারে। আগামী ২০ নভেম্বর চলতি আইএসএলের উদ্বোধনী ম্যাচে এটিকে-মোহনবাগান খেলবে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে।


Post a Comment
Thank You for your important feedback