
রাজ্যে দুদিনের সফরে আসছেন অমিত শাহ। ৫ ও ৬ নভেম্বর এই রাজ্যে থাকবেন তিনি। এরমধ্যে একদিন কলকাতায়। ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্যের সফর ঘিরে সাজসাজ রব রাজ্য বিজেপিতে। বাঁকুড়া ও কলকাতায় সাংগঠনিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রয়েছে একাধিক কর্মসূচিও। এরমধ্যেই ঠিক হয়েছে তিনি দুদিন দুই সম্প্রদায়ের প্রতিনিধির বাড়িতে দুপুরের খাওয়া সারবেন।
বাঁকুড়ায় এক আদিবাসীর বাড়িতে খাবেন, কলকাতায় একজন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধির বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন বলে ঠিক হয়েছে। রাজনৈতিক মহলের মতে মূলত আদিবাসী ভোটব্যাঙ্কে ধস নামিয়েই গেরুয়া শিবির জঙ্গলমহলে জয় ছিনিয়ে নিয়েছিল গত লোকসভা নির্বাচনে। এবার বিধানসভা ভোটের আগেও ফের অমিত শাহ বাঁকুড়ায় আসছেন। বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বিজেপির দ্বিতীয় হেভিওয়েট নেতা।

কলকাতায় নামার পর হেলিকপ্টারে যাবেন বাঁকুড়ায়। সেখানে বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করবেন অমিত শাহ। তারপর রবীন্দ্রভবনে সাংগঠনিক বৈঠক। সেখান থেকে চতুরদিহি গ্রামে যাবেন। সেখানেই এক আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে দুপুরের খাবার খাবেন। বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার মঙ্গলবার জানিয়েছেন, 'গোটা দেশের উন্নতি চান অমিত শাহ। জঙ্গলমহলের উন্নয়নও তাঁর নজরে রয়েছে। দুপুরে এক আদিবাসী ভাইয়ের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন'।
অপরদিকে ৬ নভেম্বর কলকাতায় প্রথমেই যাবেন দক্ষিনেশ্বর মন্দিরে। সেখানে পুজো দিয়েই সল্টলেকের ইজেডসিসি-তে। সেখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠক। এরপরই রাজারহাটে গৌরাঙ্গনগরে এক মতুয়ার বাড়িতে দুপুরের মধ্যাহ্নভোজ। বিজেপি নেতা সব্যসাচী দত্ত জানিয়েছেন, অত্যন্ত ব্যস্ততার মাঝেও অমিত জি মতুয়া সম্প্রদায়ের মানুষদের সম্মান প্রদর্শন করতে চেয়েছেন। এটাই আমাদের কাছে গর্বের ব্যাপার।
To se great ho
ReplyDeletePost a Comment
Thank You for your important feedback