শিয়ালদা-হাওড়ায় ৬১৫টি লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল

দক্ষিণ-পূর্ব রেলের পর পূর্ব রেলও লোকাল ট্রেনের সময়সারণী জানিয়ে বিজ্ঞপ্তি দিল। তবে প্রস্তাবিত টাইমটেবিলের চেয়ে বেশিই ট্রেন দেওয়া হয়েছে নতুন টাইমটেবিলে। পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া মিলিয়ে মোট ৬১৫টি লোকাল ট্রেন চালানো হবে। প্রস্তাবিত তালিকায় ছিল ৩৬২টি ট্রেন। যাত্রীর চাপ নিয়ে যাতে কোভিড বিধি মেনে লোকাল ট্রেন পরিষেবা শুরু করা যায় তার জন্য বেশি সংখ্যায় ট্রেন চালানোর অনুরোধ করে রেলকে চিঠি দিয়েছিল রাজ্য সরকার। 

 

রাজ্যের যুক্তি ছিল, বেশি ট্রেন হলে গাদাগাদি ভিড় কম হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এটাই বলেছিলেন। এবার সময়সারণী প্রকাশ হতে দেখা গেল রাজ্যের যুক্তি মেনে নিয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬১৫টি লোকাল ট্রেনের মধ্যে শিয়ালদা ডিভিশনে ৪১৩টি এবং হাওড়া ডিভিশনে ২০২টি লোকাল ট্রেন চলাচল করবে। পাশাপাশি রেল আরও জানিয়েছে, ভিড়-সহ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে। 

 


শিয়ালদা ডিভিশনের ৪১৩টি ট্রেনের মধ্যে শিয়ালদা মেন বা উত্তর শাখায় চলবে ২৭০টি ট্রেন। আর শিয়ালদা দক্ষিণ শাখায় ১৪৩টি ট্রেন। হাওড়া ডিভিশনের ২০২টি ট্রেনের মধ্যে হাওড়া-ব্যান্ডেল শাখায় ৩৮টি ট্রেন। বাকি ট্রেনগুলি অন্যান্য রুটে চলবে। উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণের আগে শিয়ালদা ডিভিশনে দৈনিক ৯১৫টি লোকাল ট্রেন চলতো। বর্তমান নিউ নর্মালে রাজ্যের দাবি মেনে ৪৫ শতাংশ ট্রেন চালাতে রাজি হয়েছে পূর্ব রেল।

 

 পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, গত বছর ১ জুলাইয়ের সময়সারণী অনুযায়ীই ট্রেন চলবে। এছাড়াও মাস্ক পরা, সামাজিক দূরত্বের বিধি পালন-সহ যাত্রীদের যাবতীয় করোনা সুরক্ষাবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছে রেল। ট্রেনের কামরার ভিতর একটি সিটে দুজনের বেশি বসতে মানা করা হয়েছে। এরজন্য তিনজনের সিটের মাঝের সিটটি লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। সোমবার থেকে রেল স্টেশনের টিকিট কাউন্টারগুলি খুলে দেওয়া হয়েছে। আপাতত করোনা কালের আগে যাত্রীদের সিজন টিকিটের অবশিষ্ট দিনগুলি নতুন করে রিনিউ করা যাবে কাউন্টার থেকে।




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post