অবশেষে সফল হল দিল্লি ক্যাপিটালস। এর আগে দুবার আইপিএল প্লে অফ (২০১২ ও ২০১৯) ও সেমি ফাইনালে (২০০৮ ও ২০০৯) উঠলেও শাপমুক্তি হয়নি। প্রতিবারই ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল দিল্লি ক্যাপিটালস। করোনা আবহে শাপমুক্তি হল দিল্লির এই ফ্র্যাঞ্চাইসির। রবিবার কার্যত এক তরফা ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে দ্বিতীয় প্লে অফে ১৭ রানে হারিয়ে দিয়ে ফাইনালে উঠল তাঁরা। এদিন প্রথমে ব্যাট করে দিল্লি তোলে ১৮৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ আটকে যায় ১৭২ রানে। দিল্লির হয়ে এদিন বড় রান করলেন শিখর ধাওয়ান। তিনি ৫০ বলে ৭৮ রানের ইনিংস খেলে দিল্লির রানের ভিত গড়ে দিয়েছিলেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন মার্কাস স্টোয়োনিস (২৭ বলে ৩৮ রান)। পরে সিমরন হেটমেয়ার মাত্র ২২ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেললেন। এদিন হায়দরাবাদের বোলিং ও ফিল্ডিংস একেবারেই ঠিক হয়নি। শিখর ধাওয়ানের তিনটি ক্যাচ ফস্কেছেন ডেভিড ওয়ার্নারের ছেলেরা। এছাড়াও প্রচুর বল মিস করে রান দিয়েছেন দিল্লির ব্যাটসম্যানদের।
অপরদিকে দিল্লির ফিল্ডিংস ছিল দেখার মতো। কাগিসো রাবাডা ও মার্কাস স্টোয়োনিসের আগুনে বোলিং হায়দরাবাদের লড়াই থামিয়ে দেয়। কেন উইলিয়ামসের মাত্র ৪৫ বলে ৬৭ রানের ইনিংস কাজে এল না। দিল্লি ম্যাচ জিতল ১৭ রানে। রাবাড়া ২৯ রান দিয়ে ৪ উইকেট ও স্টোয়োনিস ২৬ রান দিয়ে ৩ উইকেট নিলেন। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্মেন্স করে ম্যান অফ দ্য ম্যাচ হলেন মার্কাস স্টোয়োনিস। আইপিএল ফাইনালে এবার মুম্বই বনাম দিল্লির লড়াই। শিখর ধাওয়ান বনাম রোহিত শর্মার লড়াই।


Post a Comment
Thank You for your important feedback