বিহারের মসনদে এবার কে? উত্তর আগামীকাল

বিহার নির্বাচনে জয়ের লক্ষ্যে এবার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রী-সহ বিজেপির কয়েক ডজন নেতা তোলপাড় করেছিলেন বিহার। অপরদিকে মহাগঠবন্ধন ধীরে ধীরে নিজেদের মেলে ধরেছিল যুব নেতা আরজেডির তেজস্বী যাদবের নেতৃত্বে। শেষ দফার ভোটের পরই বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলছে এবার বিহারবাসী মহাগঠবন্ধনের দিকেই ঝুঁকেছে। ফলে আনেকটাই ফুরফুরে আরজেডি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে। আবার একাংশের মত, কুর্সির লড়াইয়ে প্রবলভাবেই ফিরে আসবেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সমস্ত উত্তর জানা যাবে মঙ্গলবার।

 

 তবে করোনা আবহে এবার ভোট গণনার কাজ অনেকটাই বিলম্বিত হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। ফলে চুরান্ত ফলাফল আসতে গভীর রাতও হয়ে যেতে পারে। ২৮ অক্টোবর প্রথম দফায় ১৬টি জেলার ৭১টি আসনে ভোটগ্রহণ হয়েছে। ৩ নভেম্বর দ্বিতীয় পর্বে ১৭টি জেলার ৯৪টি আসনে। শেষদফায় ৭ নভেম্বর ভোটগ্রহণ হয়েছে ১৫টি জেলার ৭৮টি আসনে। সর্বত্র ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। ৩৮টি আসন তফশিলি জাতি-উপজাতির জন্য সংরক্ষিত।

 


বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৯ নভেম্বর। তার আগেই ঠিক হয়ে যাবে এবার বিহারের মসনদে কে বসতে চলেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। এবার ৩৮টি জেলায় ৫৫টি ভোটগণনা কেন্দ্র রয়েছে। মোট ৪১৪টি হলে ভোট গোনা হবে। ভোটকর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক। রাজধানী পাটনায় সব ভোট গোনা হবে একটি কেন্দ্রেই। এবারের ভোটে আরজেডি লড়ছে ১৪৪টি আসনে, কংগ্রেস ৭০টিতে, বামদলগুলি ২৯ আসনে। বেশিরভাগ বুথফেরত সমীক্ষায় এগিয়ে তেজস্বী যাদবের মহাগঠবন্ধনই। ম্যাজিক ফিগার ১২২। করোনা প্রকোপ সত্ত্বেও এবার বিহারে গতবারের তুলনায় ভোট বেশি পড়েছে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post