আক্ষরিক অর্থেই লড়াই হাড্ডাহাড্ডি। বিহারে ভোটগণনায় এনডিএ আর মহাগঠবন্ধন সমানে সমানে টক্কর দিচ্ছে। নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে, চূড়ান্ত ফল আসতে মাঝরাত পেরিয়ে যাবে। সন্ধে পর্যন্ত নীতীশ কুমার-বিজেপি জোট ম্যাজিক ফিগার ১২২ ছুঁলেও দ্রুতই ফারাক কমাচ্ছে মহাগঠবন্ধন। একসময় দল হিসেবে বিজেপিকেও পিছনে ফেলেছে তেজস্বী যাদবের আরজেডি। ভোট গণনার একেবারে শুরু থেকেই বিজেপি-জেডি (ইউ) এনডিএ জোটকে পিছনে ফেলে এগোলেও বেলা গড়াতেই এগিয়ে যায় এনডিএ। নিজের কেন্দ্র রাঘোপুরে এগিয়ে ৩১ বছরের তেজস্বী। তেজস্বীর দাদা তেজপ্রতাপ এগিয়ে আছেন হাসানপুরে। শত্রুঘ্ন সিনহার ছেলে লব সিনহা অনেক পিছিয়ে বাঁকিপুরে। ইমামগঞ্জে এগিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দুস্তান আওয়াম মোর্চার জিতনরাম মাঝি। সন্ধ্যে ৬টা পর্যন্ত মোট ১৪টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরমধ্যে বিজেপি জিতেছে ৬টি আসন। পাশাপাশি জেডি (ইউ) এবং আরজেডি দুটি করে আসন ইতিমধ্যেই জয়ী হয়েছে। দুটি আসন ছিনিয়ে নিয়েছে ভিআইপি পার্টি। আর একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস।
করোনার জন্য এই ভোটে ভোটগণনা কেন্দ্র তুলনায় অনেক বেশি। প্রায় ৪৬ শতাংশ গণনা কেন্দ্র বেড়েছে। গতবার ছিল ৭২,৭২৩টি, এবার ১,০৬,৫১৫টি। এবার মোট প্রার্থী রয়েছেন ৩,৭৩৩ জন। এই ভোটে বিহারের তিন ওজনদার নেতা অনুপস্থিত। লালুপ্রসাদ যাদব দুর্নীতি মামলায় জেলবন্দি। রামবিলাস পাসোয়ান প্রয়াত। শারীরিক অসুস্থ শরদ যাদব। তাঁদের জায়গায় এসেছে নতুন প্রজন্ম। লালুর পুত্র তেজস্বী এবং রামবিলাসের পুত্র চিরাগ। চিরাগের লোকজনশক্তি পার্টি এবার এনডিএ ছেড়ে আলাদা লড়ছে। শরদের মেয়ে সুভাষিনী কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি লড়ছেন মধেপুরার বিহারীগঞ্জ থেকে। তিনি পিছিয়ে।

Post a Comment
Thank You for your important feedback