ভাইফোঁটার দিন যাত্রীবাহী বাস উল্টে প্রাণ হারালেন একজন। পাশাপাশি আহত হয়েছেন একাধিক বাসযাত্রী। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রামগড় এলাকার ঘটনা। সোমবার দাসপুর-মেদিনীপুর রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে খবর, এদিন ঘাটাল-মেদিনীপুর রুটের মেদিনীপুরগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার ধারে। ভাইফোঁটার দিন হওয়ায় বাসে যাত্রী সংখ্যাও বেশি ছিল। ঘটনার পর উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা। খবর পেয়েই দ্রুত দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। আহতদের বাস থেকে বের করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের দাবি, চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। ফলে রাস্তার একটি বাঁকে নিয়ন্ত্রন রাখতে না পারায় বাসটি উল্টে যায়। পাশাপাশি তাঁদের দাবি, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চালাচ্ছিলেন চালক। ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। এই দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ দাসপুর-মেদিনীপুর রাজ্য সড়কে যানজট থাকে।


إرسال تعليق
Thank You for your important feedback