নন্দীগ্রাম দিবসে বিশ্বের সব রাজনৈতিক হিংসায় শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার নন্দীগ্রাম দিবস। আর এই বছর এই দিনটির গুরুত্ব অনেকটাই আলাদা। কারণ এবার নন্দীগ্রাম আন্দোলনের মূল কাণ্ডারী মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী কার্যত বিদ্রোহ করেছেন। তিনি এবার তৃণমূলের পতাকার তলায় না গিয়ে অনেকটা স্বতন্ত্রভাবে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে নন্দীগ্রামের তেখালিতে বিশাল শহিদস্মরণ সভা করলেন। পাশাপাশি আরও দুটো সভা হবে নন্দীগ্রামে। দুটো সভাই করবে শাসকদল তৃণমূল কংগ্রেস। 

 
তার আগেই টুইট করে নন্দীগ্রামের শহিদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা টুইট লেখেন, ‘আজ নন্দীগ্রাম দিবস। ‘সূর্যোদয়’-এর নামে বর্বর হিংসার ১৩ তম বছর। গোটা বিশ্বে রাজনৈতিক হিংসায় যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের সকলের প্রতি আমার শ্রদ্ধা। সবসময় শান্তির জয় পাওয়া উচিত’। উল্লেখ্য, ২০০৮ সালের ১০ নভেম্বর তৃণমূলের থেকে নন্দীগ্রাম ‘পুনর্দখল’ করে ‘সূর্যোদয়’ হিসেবে ব্যাখ্যা করেছিল সিপিএম। এই দিনটির স্মরণেই প্রতিবছর নন্দীগ্রাম দিবস পালন করে শাসকদল তৃণমূল কংগ্রেস। 

 


রাজনৈতিক মহলের অভিমত, আগে তৃণমূল নেত্রী যেভাবে নন্দীগ্রাম দিবসকে গুরুত্ব দিতেন ইদানিং সেভাবে দিচ্ছেন না। ঠিক এই জায়গায় আঘাত করেছেন ‘বিদ্রোহী’ শুভেন্দু। এদিন তেখালির স্মরণসভা থেকে বলেছেন, "আমি হোঁচট খাচ্ছি না গাড্ডায় পড়েছি তার জবাব রাজনৈতিক মঞ্চে দেব। রাজনৈতিক মঞ্চে লড়াই হবে। পাশাপাশি তৃণমূলের শহিদ স্মরণ সভা নিয়েও উল্লেখযোগ্য মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেছেন, ‘ভোটের আগে আসছেন। ভোটের পরেও তো আসতে হবে!’ এছাড়াও এদিন শুভেন্দুর সভায় ছিল না তৃণমূলের পতাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। 

 

শুভেন্দুর ভাষণে সরাসরি কোনও রাজনৈতিক বক্তব্য না থাকলেও ভাষণের শেষে কয়েকটি স্লোগান নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বক্তৃতার শেষে তিনি ‘জয় বাংলা’ এবং ‘জয় নন্দীগ্রাম’ স্লোগান তোলার পাশাপাশি ‘ভারতমাতা জিন্দাবাদ’ ধ্বনি দিয়েছেন। যা যথেষ্টই ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। শুভেন্দুর এহেন সাহসী সভার পর তৃণমূল নেত্রীর এই সাদামাটা টুইট একেবারেই বেমানান বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও তৃণমূল নেত্রী নন্দীগ্রামের শহিদদের সঙ্গে সারা পৃথিবীব্যাপী রাজনৈতিক হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদেরও শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post