প্রথম দফায় করোনা টিকা পাবেন ৩০ কোটি

ফেব্রুয়ারিতে দেশে করোনার টিকা এলে কারা তা প্রথম পাবে তার তালিকা তৈরি। ভারত বায়োটেক সবার আগে এই টিকা নিয়ে আসছে বলে মনে করা হচ্ছে। সেইমতো টিকা বণ্টনের প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। কারা আগে বিনা মূল্যের এই টিকা পাবেন তা প্রায় চূড়ান্ত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি খুঁটিনাটি তৈরি করেছে। প্রথম দফায় ৩০ কোটি ভারতীয়কে এই টিকা দেওয়া হবে। চারটি ভাগে ভাগ করা হয়েছে এই টিকা প্রাপকদের তালিকা। তাতে রয়েছেন ১ কোটি পেশাদার স্বাস্থ্যকর্মী। ডাক্তার, নার্স, আশাকর্মীরা ছাড়াও ডাক্তারির ছাত্ররাও।

 

 করোনা মোকাবিলায় সামনের সারিতে রয়েছেন এমন ২ কোটি কর্মীকে রাখা হয়েছে তালিকায়। এই ভাগে রয়েছেন পুরকর্মীরা, পুলিশকর্মী ও সেনাবাহিনীর লোকজন। ৫০ বছরের বেশি বয়সী যাঁদের সংক্রমণের আশঙ্কা বেশি তেমন ২৬ কোটি লোককেও রাখা হচ্ছে তালিকায়। এছাড়া ১ কোটিকে রাখা হচ্ছে বিশেষ বিভাগে। এই গ্রুপে ৫০ বছরের নীচে অথচ কো-মর্বিডিটি আছে, এমন লোককে রাখা হয়েছে। 

 

ইতিমধ্যেই রাজ্যগুলিকে টিকা বন্টনের জন্য টাস্কফোর্স তৈরি করতে বলা হয়েছে। তার জন্য এখন যে ইলেকট্রনিক ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক রয়েছে তাকে আরও উন্নত করতে বলা হয়েছে। বাধ্যতামূলক না হলেও টিকাগ্রহীতাদের আধারের ভিত্তিতে যোগাযোগ করা হবে। আধার কার্ড না থাকলে যে কোনও সরকারি পরিচয়পত্রেই কাজ হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post