কাশ্মীরে বড়সড় অভিযান, খতম তিন জঙ্গি, শহিদ সেনা অফিসার সহ ৪ জওয়ান


জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় বড়সড় জঙ্গিদমন অভিযান চালাল ভারতীয় যৌথবাহিনী। তাতেই খতম হল তিন জঙ্গি। সেই সঙ্গে এক সেনা ক্যাপ্টেন সহ মৃত্যু হয়েছে চার জওয়ানের। বিগত দিনের অভিযানে এত ক্ষয়ক্ষতি হয়নি বাহিনীতে। অভিযান এখনও চলছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অভিযান শুরু হয়েছে কুপওয়ারায় নিয়ন্ত্রন রেখার খুব কাছেই। সেখানে শনিবার গভীর রাতে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। সেখানেই এক জঙ্গিকে নিকেশ করে বিএসএফ। সেই সঙ্গে এক বিএসএফ কনস্টেবলেরও মৃত্যু হয় গুলির লড়াইয়ে। ভোর চারটে নাগাদ গুলির লড়াই থামে।


ভোরের আলো ফুটতেই সেখানে তল্লাশি চালাতে আরও বাহিনী পাঠানো হয়। সেনার নজরদারি যন্ত্রে জঙ্গিদের গতিবিধি ধরা পরতেই শুরু হয় অভিযান। সেনা, বিএসএফ ও পুলিশের যৌথবাহিনী তল্লাশি চালাতে থাকে কুপওয়ারার মাছিল সেক্টরে। রবিবার বেলা সাড়ে দশটা নাগাদ ফের গুলির লড়াই শুরু হয়। নিয়ন্ত্রন রেখার মাত্র দেড় কিলোমিটার দূরেই দুই জঙ্গিকে খতম করে বাহিনী। কিন্তু সেখানেই জঙ্গিদের ছোড়া গুলিতে প্রাণ হারান আরও তিন ভারতীয় সেনা জওয়ান। এরমধ্যে একজন সেনা অফিসারও রয়েছেন। সেনা সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিল মাসের পর থেকে এটাই উপত্যকায় সবচেয়ে বড় এনকাউন্টারের ঘটনা। নিহত বিএসফ কনস্টেবলের নাম সুদীপ সরকার। নিহত জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ও একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم