স্কুলগুলিতে আরও কড়া করোনাবিধি জারি করার দাবিতে মঙ্গলবার ধর্মঘটে যাচ্ছেন ফ্রান্সের শিক্ষকরা। তাঁদের পাঁচটি ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে। এই ইউনিয়নগুলিতে রয়েছেন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ক্লাসের শিক্ষকরা।
তাঁরা জানাচ্ছেন, স্কুলের কর্মী, ছাত্রছাত্রী, তাদের পরিবারের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সরকারের তরফে বহু কথা বলা হলেও কাজে তা হয়নি। অর্ধেক ক্লাস নেওয়া, স্বাস্থ্য প্রোটোকল মানা, ক্লাসরুমে ভেন্টিলেশন থেকে স্যানিটাইজেশনের ব্যাপারে অস্বচ্ছতা রয়েছে।
যেহেতু সবকটি ইউনিয়ন এই ধর্মঘটে সামিল নয়, তাই ফ্রান্সের সর্বত্র এর একইরকম প্রভাব পড়বে না। তাদের আগাম নোটিশ দিতে হয়েছে যাতে অভিভাবকরা উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন। বুধবার সরকারি ছুটি বলে প্রাথমিকের পড়ুয়ারা দুদিনের ছুটি পাবে।
লকডাউনের গোড়ায় মার্চ, এপ্রিল, মে মাসে ফ্রান্সের স্কুলগুলি পুরো বন্ধ ছিল। এখন অনেকরম বিধি মেনে পুরো চালু হয়েছে স্কুল। ৬ বছরের উপরে সবার মাস্ক পরা বাধ্যতামূলক হয়েছে। গত সপ্তাহে ফরাসি শিক্ষামন্ত্রী জাঁ মিচেল ব্লাঙ্কুয়েঁ ২০২১ সালের একাধিক পরীক্ষা বাতিল করেছেন। তবে হাই স্কুলের ৫০ ভাগ ক্ষেত্রে মুখোমুখি ক্লাসের কথাও বলেছেন তিনি। তাই অনলাইন ক্লাসের সংখ্যা বাড়ার সম্ভাবনা বাড়ছে।
বিশ্ববিদ্যালয়গুলিতে এখনই লেকচার হলে ছাত্রসংখ্যা অর্ধেক করে দিয়েছে। সেখানেও পড়া চলছে অনলাইনে। কিছু স্কুলে ঢিলেঢালা স্বাস্থ্যবিধির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback