বিটি রোডে গৃহবধূ ও বোনের প্রকাশ্যে শ্লীলতাহানি, প্রতিবাদী ভাই প্রহৃত

বিটি রোডে প্রকাশ্য রাস্তায় এক গৃহবধু ও তাঁর বোনকে শ্লীলতাহানির শিকার হতে হল। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রহত হলেন ওই গৃহবধূর ভাই। রবিবার রাতে এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করলেও বাকিরা পলাতক।
অভিযোগ, রবিবার রাতে ওই গৃহবধূ তাঁর বোন ও ভাইকে নিয়ে একটি স্কুটিতে চেপে খড়দহে বাপের বাড়ির দিকে আসছিলেন। কলকাতার দিক থেকে বিটি রোড ধরে আসার সময় একটি বাইকে তিনজন যুবক তাঁদের পিছু নেয়। স্কুটি নিয়ে তাঁরা কামারহাটি পেরোতেই বাইক নিয়ে যুবকের দল তাঁদের পথ আটকায়। দুই বোনকে নানান কূরুচিকর মন্তব্য করার পাশাপাশি তাঁদের গায়েও হাত দেয় বলে অভিযোগ। 

ওই গৃহবধূর ভাই এর প্রতিবাদ করতেই তাঁকে মারধোর করে ওই তিন যুবক। এমনকি ছুরিও বের করে ভয় দেখানো হয় বলে অভিযোগ গৃহবধূর। এমন সময় একটি পুলিশের গাড়ি ওই এলাকায় আসতেই যুবকরা পালানোর চেষ্টা করে। যদিও মহিলার চিৎকারে ততক্ষণে একজনকে ধরে ফেলে স্থানীয়রা। বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ এই দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে যায়।
রাতের দিকে ওই গৃহবধূ খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আটক যুবককে গ্রেফতার করে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বিটি রোডের মতো জনবহুল প্রকাশ্য রাস্তায় এভাবে দুইবোনের শ্লীলতাহানি এবং প্রতিবাদ করতে গিয়ে ছোট ভাইয়ের মার খাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post