মালদা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬

মালদার সুজাপুর বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়ল। বৃহস্পতিবারই পাঁচজনের মৃত্যু হয়েছিল। ওইদিন গভীর রাতে গুরুতর এক জখমকে কলকাতায় আনার পথে মারা গিয়েছেন। মৃতের নাম আবু সায়েদ খান (৪৪)। বৃহস্পতিবারই ঘটনাস্থল সিল করে দেয় সুজাপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজ্য পুলিশের ফরেন্সিক দল ঘটনাস্থলে যায়। সূত্রের খবর, শনিবার সেখানে যাবে সিআইডি-র ফরেন্সিক বিশেষজ্ঞরা। কেন এত ভয়াবহ বিস্ফোরণ হল সেটা নিয়ে ধোঁয়াশা কাটেনি। সাধারণ কোনও মেশিন ফেটে গেলে এত ভয়াবহতা হওয়ার কথা নয়। কারণ বিস্ফোরণের তীব্রতায় ওই প্লাস্টিক কারখানার ছাদটি পুরোপুরি উড়ে গিয়েছে। মৃত কয়েকজনের দেহাংশ কয়েক মিটার দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। বিস্ফোরণস্থলে বড়সড় গর্ত হয়ে গিয়েছে। 



স্থানীয় মানুষদের সন্দেহ, প্লাস্টিক কাটার ওই মেশিনে ভয়ানক বিস্ফোরক কিছু ঢুকে যাওয়াতেই এই কাণ্ড। শুক্রবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করলেন মালদা ডিভিশনের ডিভিশনাল কমিশনার সহিদ আহমেদ বাবা। তাঁর সঙ্গে ছিলেন মালদার জেলাশাসক রাজশ্রী মিত্র। যদিও তাঁরা সংবাদমাধমের কাছে মুখ খোলেননি। অপরদিকে এদিন সকালে সুজাপুরে যান কংগ্রেসের এক প্রতিনিধি দল। ছিলেন, সুজাপুরের কংগ্রেস বিধায়ক ইশা খান চৌধিরী, মানিকচকের বিধায়ক মুস্তাকিম এবং হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস বিধায়ক মুস্তাক আলম। তাঁরা বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন। এবং হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم