লোকাল চালাতে প্রস্তুতি তুঙ্গে রেলের, ট্রেন বাড়াতে চিঠি রাজ্যের


করোনা সংক্রমণের জেরে প্রায় সাড়ে সাতমাস পর রাজ্যে শুরু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। বুধবার থেকেই সাধারণ যাত্রীদের নিয়ে চাকা গড়াবে লোকাল ট্রেনের (EMU Trains)। বিগত কয়েকমাসে ধাপে ধাপে সরকারি-বেসরকারি অফিস, শপিং মল, সিনেমা হল, জিম, জমায়েত সহ বিভিন্ন গণপরিবহণে নিষেধাজ্ঞা উঠলেও লোকাল ট্রেন নিয়ে চলে বিস্তর টানাপড়েন। ফলে নিত্যযাত্রীদের ক্ষোভ গিয়ে পড়ে রেলকর্মীদের জন্য বরাদ্দ স্টাফ স্পেশাল ট্রেনের ওপর। ফলে একপ্রকার বাধ্য হয়েই উগ্যোগী হয় রাজ্য সরকার। রেলের সঙ্গে তিন দফা বৈঠকের পর লোকাল ট্রেন চালানোয় সবুজ সঙ্কেত আসে। ঠিক হয় আগামী বুধবার থেকে আংশিকভাবে শুরু হবে শহরতলির লোকাল ট্রেন পরিষেবা।


ফলে ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ পরিষেবা চালুর প্রস্তুতি শুরু করেছে। ট্রেনের কামরা, স্টেশন স্যানিটাইজেশনের কাজ চলছে জোর কদমে। এমনকি ট্রেনের কামরায় বসার সিটেও লাল কালি দিয়ে চিহ্নিত করা হচ্ছে যাতে সামাজিক দূরত্ব মেনে যাত্রীরা বসতে পারেন। এরমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ট্রেন পরিষেবা বন্ধের আগে যাদের সিজন টিকিটের মেয়দ শেষ হয়নি, তাঁদের সিজন টিকিট বদলে দেওয়া হবে। অর্থাৎ ট্রেন বন্ধের আগে যতদিন তাঁদের টিকিটের মেয়াদ ছিল, ৯ নভেম্বর থেকে তাঁদের কাউন্টারে গিয়ে পুরোনো সিজন টিকিট দেখিয়ে নতুন টিকিটে বদলে নিতে হবে। অপরদিকে শনিবারই লোকাল ট্রেন নিয়ে আদর্শ আচরণবিধি প্রকাশ করেছে রাজ্য সরকার। ঠিক হয়েছে রাজ্য প্রশাসন ও রেল কর্তৃপক্ষ যৌথভাবে এই আচরণবিধি রূপায়ন করবে। কিন্তু এতকিছুর পরও ট্রেন চালু হলে সংক্রমণ বৃদ্ধি হওয়ার আশঙ্কা থেকেই যায়।


তাই এক্ষেত্রে ট্রেনের সংখ্যা সীমিত না রেখে পরিস্থিতি অনুযায়ী আরও বাড়ালে ভিড় এড়ানো সম্ভব। সূত্রের খবর, এই ভাবনা থেকেই রেলকে ট্রেন বাড়ানোর জন্য ফের চিঠি দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য, সব ধরনের যাত্রীর সুবিধার্থে এই পরিষেবা চালু হওয়ায় আরও অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন। অপরদিকে রেল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পরিকল্পনার থেকে অনেক বেশি ট্রেন চালানো হচ্ছে। নবান্ন সূত্রে খবর, কালীপুজো ও ভাইফোঁটাতে ভিড় বেশি হতে পারে। সেটা হলে কোভিড সুরক্ষাবিধি শিকেয় উঠবে। তাই আগেভাগেই ট্রেনের সংখ্যা বাড়িয়ে সংক্রমণে রক্ষাকবজ নিশ্চিন্ত করা যেতে পারে বলেই মনে করছে রাজ্যের শীর্ষকর্তারা।


রাজ্যের দাবি, ট্রেন বেশি হলে ভিড়ও কম হবে। সূত্রের খবর, রাজ্যের এই যুক্তি নিয়ে রেলের তরফেও ভাবনাচিন্তা চলছে। এরমধ্যেই লোকাল ট্রেনের পূর্ণাঙ্গ সময়সূচি বা টাইম টেবিল প্রকাশ করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। আপাতত হাওড়া ডিভিশনে প্রায় ৪০ শতাংশ ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। এই ডিভিশনে বুধবার থেকে মোট ৮১টি ট্রেন চলবে। হাওড়া থেকে ৩৩টি ট্রেন চলবে, এ ছাড়াও আপ লাইনে সাঁতরাগাছি, শালিমার, পাঁশকুড়া, মেচেদা থেকে বাকি সাতটি আপ ট্রেন চলবে। ডাউনে চলবে ৪১টি ট্রেন। যারমধ্যে ৩৫টি হাওড়ায় ঢুকবে। বাকি ৬টি ট্রেন সাঁতরাগাছি, শালিমার, পাঁশকুড়া, মেচেদা পর্যন্ত।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post