একুশের ভোটের রণকৌশল ঠিক করতে বঙ্গ বিজেপির বৈঠক দিল্লিতে। সপ্তাহের প্রথম দিনই তাই দিল্লি পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। পাশাপাশি দিল্লি গিয়েছেন রাজ্য বিজেপির নতুন সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। সূত্রের খবর, দিল্লিতে বিজেপির সদর দফতরে হবে এই জরুরী বৈঠক। সেখানেই কেন্দ্রীয় নেতৃত্ব বসবেন রাজ্য বিজেপির এই তিন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে। গত ৬ নভেম্বর দুদিনের বঙ্গ সফর শেষ করে দিল্লি ফিরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই এত জলদি রাজ্যের এই হেভিওয়েট নেতাদের দিল্লিতে তলব করায় রাজ্য রাজনীতিতে কৌতুহল তৈরি হয়েছে।
ঠিক কী কারণে বঙ্গ বিজেপির তিন শীর্ষ নেতাকে বৈঠকে ডেকে পাঠানো হল, তা নিয়ে স্পষ্ট করে কিছুই বলতে চাননি কেউই। একুশের বিধানসভা ভোটকে মাথায় রেখে ফের রাজ্য বিজেপির সংগঠনে কোনও রদবদল হয় কিনা সেটাও দেখার। সূত্রের খবর, বাংলার ভোট সার্বিকভাবে দেখছেন অমিত শাহ নিজেই। ফলে অমিত শাহ দুদিনের রাজ্য সফরে দুটি সাংগঠনিক বৈঠক করে গিয়েছেন। সেখানে তিনি বিজেপির বর্তমান সাংগঠনিক কাঠামো দেখে গিয়েছেন। এমনকি নিজেদের বুধ স্তর পর্যন্ত শক্তি বাড়ানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি ২০০ আসনের টার্গেট দিয়ে গিয়েছেন রাজ্য নেতাদের।
বিজেপি সূত্রের খবর, মূলত প্রচারের রূপরেখা কেমন হবে সেটা নিয়েই হতে পারে আলোচনা। মোদি সরকারের সাফল্যের কোন কোন দিকগুলি প্রচারের সামনে আসবে আর কতটা তৃণমূল বিরোধিতা করতে হবে তার একটা প্রস্তাবনা দিয়ে গিয়েছেন অমিত শাহ। এবার সেটাই বিস্তারিত আকারে বঙ্গ বিজেপির তিন শীর্ষ নেতাকে বুঝিয়ে দিতে পারেন বিজেপির ভোট ম্যানেজাররা। এদিন দিল্লি যাওয়ার আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘এটি নিতান্তই সাংগঠনিক বৈঠক। অমিত শাহ নিজে থাকবেন কি না, জানা নেই। তবে সংগঠন নিয়ে কিছু পরিকল্পনা হবে’।

Post a Comment
Thank You for your important feedback