ক্রেতা সেজে একটি পূর্ণ বয়স্ক লেপার্ডের চামড়া উদ্ধার করল বন আধিকারিকরা। গ্রেফতার করা হয়েছে দুজনকে। বনদফতরের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের যৌথ উদ্যেগে অভিযান চালানো হয়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে একটি লেপার্ডের চামড়া বিক্রির জন্য কয়েকজন ক্রেতা খুঁজছে। সেই মতো নাম-পরিচয় গোপন করে ক্রেতা সেজেই যোগাযোগ করেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। কথাবার্তা চালিয়ে ১০ লাখ টাকায় হয় ডিল। সেইমতো ওই লেপার্ডের চামড়ার বিক্রেতারা টাকা নিয়ে আধিকারিকদের টালিগঞ্জ ও কুদঘাটের মাঝামাঝি একটি জায়গায় আসতে বলে।
এরপরই ফাঁদ পাতেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। বিক্রেতারা ওই চামড়া নিয়ে আসতেই তাঁদের হাতেনাতে ধরা হয়। উদ্ধার হয় চামড়াটি। এরপরই দুজনকে আটক করে সল্টলেকের বনদফতরের বিট অফিসে নিয়ে আসা হয়। তাঁদের জেরা করে এই চক্রের পিছনে কারা রয়েছে সেটা জানার চেষ্টা চলছে। ধৃত দুজনেই টালিগঞ্জ এলাকার বাসিন্দা, পেশায় গাড়িচালক।


Post a Comment
Thank You for your important feedback