গাইডলাইন মেনে কালীপুজো, কোভিডবিধি মেনে লোকাল ট্রেনঃ মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোর মতোই নির্দিষ্ট গাইডলাইন মেনে হবে কালীপুজো। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে একথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গেই তিনি জানিয়ে দিলেন কোভিডবিধি মেনেই রাজ্যে চালু হবে লোকাল ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন চালু করতে যাবতীয় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিজেপির নাম না নিয়েই তিনি রাজ্যে মহামারী ছড়ানোর দায় চাপালেন বিজেপির ঘাড়ে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, দু-একটা রাজনৈতিক দলই আইন ভাঙছে। মহামারী ছড়াচ্ছে একটি রাজনৈতিক দল। অনুমতি ছাড়াই তাঁরা প্রতিদিন মিটিং-মিছিল করে সংক্রমণ ছড়াচ্ছে। তবে রাজ্যের সাধারণ মানুষ অতিমারীর আইন মেনে চলছেন বলেই জানান মুখ্যমন্ত্রী।
এদিনই নবান্নে রেলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করে রাজ্যে লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত হতে পারে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যাবতীয় কোভিডবিধি মেনেই রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে। তিনি রেলযাত্রীদের অনুরোধ করেন যাতে সকলেই সুরক্ষাবিধি মেনে লোকাল ট্রেনে যাতায়াত করেন।

 

এদিন মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগেন। তিনি বলেন, হুমকির রাজনীতি করছে কেন্দ্র। বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। রাজ্যের পুলিশ অফিসারদের ভয় দেখাচ্ছে। তবে জেনে রাখুন একটা নির্বাচিত সরকারকে টপকে কিছু করা যায়না। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই সাংবিধানিক দায়বদ্ধতা মানতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রেই আজ বাংলা এগিয়ে রয়েছে। ১০০ দিনের কাজ, সড়ক নির্মান, রেশনব্যবস্থা সহ মাটি সৃষ্টি প্রকল্পে বাংলা আজ দেশের সেরা। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে ১ লাখ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। করোনা অতিমারীর জেরে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post