অক্টোবরের শেষেও অস্বস্তিজনক গরমে হাঁসফাঁস হচ্ছিলেন বঙ্গবাসী। কিন্তু নভেম্বরের শুরুতেই মঙ্গলবার বিকেল থেকে আচমকা পরিবর্তন হতে শুরু করে বাংলার। বুধবার সকাল থেকেই একটা শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এমনকি কলকাতায় একধাক্কায় তাপমাত্রা পড়ল ২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। ভোরের দিকে ভালোই শীতের আমেজ পাবেন বঙ্গবাসী। দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস, পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী চারদিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।
এই রাজ্যেও ক্রমশ কমছে তাপমাত্রা। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া জারি থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। ফলে হাল্কা ঠাণ্ডার আমেজ রয়েছে। আপাতত তিন দিন ধরেই এমন আবহাওয়া চলতে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায়। অপরদিকে জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে রাজধানী দিল্লিতে। মঙ্গলবার তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে এসেছিল।

Post a Comment
Thank You for your important feedback