বিয়ের পর শ্বশুরবাড়িতে ঢোকার আগে নববধূকে করোনা টেস্ট করে আসতে হবে। এমনটাই দাবি করে বসে পাত্রপক্ষ। ফলে একপ্রকার বাধ্য হয়েই পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে সরকারি হাসপাতালে হাজির হলেন এক যুবতী। ঘটনাটি উত্তর ২৪ পরগণার হাবরা থানার বাণীপুর ইতনা এলাকার। আগামী শুক্রবারই বিয়ে ওই যুবতীর। কিন্তু এর আগে পাত্রপক্ষের এই অদ্ভুদ দাবিতে কিছুটা হকচকিয়ে যান পাত্রীপক্ষ। তিনবছর ভালোবাসার সম্পর্কের পরই বিয়ে ঠিক হয় তাঁর।

অশোকনগর সুকান্তপল্লি এলাকার এক যুবকের সঙ্গেই বিয়ে হওয়ার কথা ছিল। যদিও কর্মসূত্রে ওই যুবক মধ্যমগ্রামে থাকেন। ফলে বিয়ের পর নববধূকে মধ্যমগ্রামেই যেতে হবে। ওই যুবতীর কথায়, মধ্যমগ্রামে তাঁর হবু বরের প্রতিবেশীরাই চাপ দিচ্ছেন করোনা পরীক্ষার জন্য। নববধূর করোনা রিপোর্ট নেগেটিভ দেখেই ঘরে ঢুকতে দেবেন তাঁরা। ফলে বাধ্য হয়েই তাঁর হবু স্বামী ও তাঁর পরিবার করোনা পরীক্ষার জন্য চাপ দিচ্ছেন। বুধবার সকালেই তাই বিয়ের যাবতীয় প্রস্তুতি ফেলে তাঁরা ছুটে এসেছেন হাবড়া হাসপাতালে। সেখানেই হল করোনা পরীক্ষা। আগামী শুক্রবারই বিয়ে তাঁর। এই ঘটনায় অবাক যুবতীর প্রতিবেশীরাও। তবে সকলেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। যুবতীরও দাবি, এই কঠিন পরিস্থিতিতে মানুষের আতঙ্কিত হয়ে পড়ার যথেষ্ঠ কারণ রয়েছে। তাই করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম।
Post a Comment
Thank You for your important feedback