১ আগস্ট থেকে ফের বন্ধ হচ্ছে তারাপীঠ মন্দির, মাথায় হাত ব্যবসায়ীদের



তারাপীঠ ও আশেপাশের এলাকায় করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বৈঠকে বসেন বীরভূমের ঐতিহ্যবাহী তারাপীঠ মন্দিরের কর্তৃপক্ষ। সমস্ত সেবায়েত ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে তারাপীঠ মন্দির। এছাড়া প্রতিবছর কৌশিকী আমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। আগামী ১২ থেকে ২০ তারিখ পর্যন্ত এই মেলা হওয়ার কথা ছিল। সেইসময় ভিড় এড়াতে প্রশাসনেক তরফ থেকে মন্দির বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছিল কর্তৃপক্ষকে। কিন্তু মন্দির কর্তৃপক্ষ এর আগে থেকেই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। অপরদিকে চলতি বছরে করোনা আবহে ভেঙ্গে পড়েছে তারাপীঠের পর্যটন ব্যবসা। এই শ্রাবণ মাসেই প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ হাজার ভক্তের সমাগম হয় তারাপীঠে। কিন্তু এই বছর দিনপ্রতি ৪০ থেকে ৫০ জন পূণ্যার্থী আসছেন এখানে।
তারাপীঠ
ফলে মন্দির ঘিরে গড়ে ওঠা পর্যটন ব্যবসা কার্যত ভেঙে পড়েছে। কয়েক হাজার পরিবার তারাপীঠের মন্দির ঘিরে ব্যবসা করে থাকেন। অসংখ্য ছোট-মাঝারি-বড় দোকান রয়েছে তারাপীঠে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারাপীঠ মন্দিরে পূণ্যার্থীর সংখ্যা এখন তলানিতে। একই কারণে এখানকার হোটেল ব্যবসাও মার খাচ্ছে। হোটেল ব্যবসায়ীদের একাংশের চিন্তা ব্যাঙ্ক ঋণ নিয়ে। তাঁদের দাবি, সরকার এই দিকে নজর দিক। হোটেল ব্যবসায়ীদের বক্তব্য, করোনা সংক্রমণের ভয়ের থেকেও ট্রেন বন্ধ থাকায় পূণ্যার্থীরা আসতে পারছেন না তারাপীঠে। এছাড়াও এই ধাপে ধাপে লকডাউনও প্রভাব ফেলছে ব্যবসায়। সবমিলিয়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারাপীঠের ছোট-বড় ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধ হচ্ছে তারাপীঠ মন্দির। তবে মন্দির কমিটির বক্তব্য, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই পূণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে মা তারার মন্দিরের দরজা। কিন্তু এখানকার ব্যবসায়ীদের প্রশ্ন, আগামীদিনে তাঁদের পরিস্থিতি কি আদৌ কবে স্বাভাবিক হবে?
তারাপীঠ

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post