
শহর কলকাতার ইএম বাইপাসে রুবি মোড়ের কাছে লকডাউনে নজরদারি চালাচ্ছিলেন কলকাতা ট্রাফিক পুলিশের একটি দল। শনিবার লকডাউনের মধ্যেই একটি গাড়ি বেপরোয়া গতি পরমা আইল্যান্ডের দিক থেকে রুবি মোড়ের দিকে আসতে দেখে আটকানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু বেপরোয়া গতিতে থাকা গাড়িটির চালক তিলজলা থানার ট্রাফিক গার্ডের কনস্টেবল তন্ময় দাসের পায়ের ওপর দিয়ে চালিয়ে দেয়। ধাক্কা দেয় এক সিভিক ভলেন্টিয়ারকেও।

ঘটনাটি ঘটে আম্বেদকর সেতু পার করে রুবি মোড়ের কাছেই। এরপরই গাড়িটি নিয়ে চালক পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ ও এলাকাবাসীর তাড়া খেয়ে গাড়িটি গার্ডরেলে ধাক্কা মেরে থেমে যায়। আসেপাশের লোকজন গাড়ির চালককে বের করে মারধোর শুরু করলে পুলিশ তাঁকে উদ্ধার করে গ্রেফতার করেছে। গাড়িটিও ভাঙচুর করে উত্তেজিত মানুষ। ওই গাড়িতে দুজন আরোহীও ছিলেন। তাঁদেরও থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তিলজলা থানার পুলিশ। জানা গিয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটিকে আসতে দেখে সামনে গার্ডরেল দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ। সেসময়ই কনস্টেবল তন্ময় দাসের ডান পায়ের ওপর দিয়ে চালিয়ে দেয় গাড়ি চালক। এমনকি তাঁকে বাঁচাতে যাওয়া এক সিভিক ভলেন্টিয়ারকেও ধাক্কা মারে গাড়িটি। এরপরই গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন গাড়ি চালক। তবে কর্তব্যরত পুলিশকর্মী ও সেখানে থাকা কয়েকজন গাড়িটিকে আটকাতে সক্ষম হন। গাড়িটিও একটি গার্ডরেলে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়।

Post a Comment
Thank You for your important feedback