
সদ্য শতাব্দী পার করা ইস্টবেঙ্গল ক্লাব এমনিতেই আইএসএল আদৌ খেলতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। এর ওপর রয়েছে নতুন স্পনসর খোঁজার চাপ। সবমিলিয়ে ক্লাবের সভ্য-সমর্থকদের চাপে নাজেহাল দশা ক্লাব কর্তাদের। করোনা আবহে আইএসএল খেলার জন্য বিপুল অঙ্কের লগ্নি করতে এমনিতেই চাইছে না কোনও সংস্থা। তাঁর ওপর ক্লাব কর্তাদের নানান শর্তে আরও সমস্যা হচ্ছে স্পনসর আসতে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি প্রকাশ হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে। এক বহুজাতিক সংস্থার লোগো দিয়ে ক্লাব টেন্ট, স্টেডিয়ামের স্ট্যান্ড সাজানো হচ্ছে। এরকমই কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে ক্লাব কর্তারা নতুন স্পনসরের বিষয়ে মুখে কুলুপ আঁটলেও তাঁরা বলছেন, ওই সংস্থার সঙ্গে তাঁদের এক বছরের চুক্তি হয়েছে। সেটা মূলত ক্লাবের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি গ্রাউন্ড স্পনসর হিসেবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ক্লাবের স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ড, ক্লাব টেন্টে ‘বেকো ভোল্টাস’ নামে এক সংস্থার হোর্ডিং। এই বেকো সংস্থা আবার ইউরোপের বিখ্যাত ক্লাব বার্সেলোনার সঙ্গে যুক্ত। ভোল্টাস আবার টাটার সহযোগী সংস্থা। এই দুই সংস্থা যৌথভাবে ভারতে ব্যবস্যা করে। আর এই সংস্থার ব্যানার ক্লাব টেন্টে লাগানো হচ্ছে দেখার পর থেকেই আশায় বুক বাঁধছেন লাল-হলুদ জনতা। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান যেখানে ইতিমধ্যেই আইএসএল-এ খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে। এবার কী তবে ইস্টবেঙ্গলের পালা?

Post a Comment
Thank You for your important feedback