
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত নিয়ে দেশের দুই রাজ্যের তরজা এখন খবরের শিরোনামে। অভিনেতার মৃত্যু নিয়ে তদন্ত করছে মুম্বই পুলিশ ও বিহার পুলিশের দুটি আলাদা তদন্তকারী দল। আর বিহার পুলিশের অভিযোগ, তদন্তে বাধা দিচ্ছে মুম্বই পুলিশ। এবার একই অভিযোগ উঠল বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) বিরুদ্ধে। অভিযোগ, বিহার পুলিশের তদন্তকারী আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রবিবার রাতেই এই কথা টুইট করে জানিয়েছেন বিহার পুলিশের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে। তিনি টুইটে লেখেন, ‘আইপিএস অফিসার বিনয় তিওয়ার পাটনা থেকে মুম্বই পৌঁছন রবিবার। যে দলটি মুম্বইয়ে তদন্ত করছে তার নেতৃত্ব দেওয়ার জন্য যান তিনি। কিন্তু রাত ১১টা নাগাদ তাঁকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠান বৃহন্মুম্বই পুরসভার আধিকারিকরা। অনেক অনুরোধের পরেও তাঁকে আইপিএস মেসে থাকার অনুমতি দেওয়া হয়নি। ফলে গোরেগাঁওতে একটি গেস্ট হাউসে থাকতে হচ্ছে বিনয়কে’।

Post a Comment
Thank You for your important feedback