
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত যত এগোচ্ছে ততই জটিল হচ্ছে রহস্য। সোশাল মিডিয়ায় রিয়া চক্রবর্তীকে ‘খলনায়িকা’ বানিয়ে চলছে কাঁটাছেঁড়া। ইতিমধ্যেই ‘অ্যারেস্ট রিয়া’ হ্যাশট্যাগ ভাইরাল হয়েছে। পুরো ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ অভিনেত্রী এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। সোমবারই সুপ্রিম কোর্টে এক হলফনামা জমা করে তিনি জানিয়েছেন, মিডিয়া সুশান্তের মামলাপ অযথা কাঁটাছেঁড়া করছে। সুশান্তের মৃত্যুকে খুন প্রতিপন্ন করে ইতিমধ্যেই আবেদনকারীকে দোষী সাব্যস্ত করে ফেলেছে মিডিয়া। এক্ষেত্রে রিয়ার আইনজীবী টুজি কেলেঙ্কারি ও তলওয়াল খুনের মামলার উল্লেখ করেছেন। সেখানে অভিযুক্তরা পরে নির্দোষ প্রমানিত হয়েছিলেন। যদিও রিয়ার এই আবেদনের পরও উঠছে নানান প্রশ্ন। আজই সুপ্রিম কোর্টে রিয়ার পূর্ববর্তী মামলার শুনানি রয়েছে। আইনজীবীদের একাংশের বক্তব্য, সুশান্তের মৃত্যুর পরই রিয়া ইনস্টাগ্রাম পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে সিবিআই তদন্তের দাবি করেছিলেন। সেই রিয়াই এখন সিবিআই ও ইডি-র তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আদালতে গিয়েছেন। রিয়া প্রশ্ন তুলেছেন, মহারাষ্ট্র সরকার সিবিআই না চাইলেও কেন কেন্দ্র সিবিআই তদন্তের নির্দেশ দিল? রিয়া আরও দাবি করেছেন, যেখানে হাজার হাজার কোটি টাকার দুর্ণীতি মামলায় সিবিআই বা ইডি-র তদন্তে ফল মেলেনা। সেখানে সামান্য একটি মৃত্যুর ঘটনার তদন্ত এক্তিয়ার বহির্ভূতভাবে হাতে নিয়েছে এই দুই সংস্থা। এখানেই গুরুতর প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, সুশান্তের মৃত্যু যদি নিতান্তই সামান্য ঘটনা হয়ে থাকে তবে কেন তিনি আগে সিবিআই তদন্তের দাবি করেছিলেন? রিয়া হলফনামায় আরও দাবি করেছেন, তাঁকে রাজনৈতিক এজেন্ডার বলির পাঁঠা করা হতে পারে। কিন্তু কারা এটা করতে চাইছেন? তার জবাব নেই।
Post a Comment
Thank You for your important feedback