এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় নদিয়ার গয়েশপুরে। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে ১২ ঘন্টার বনধ চলছে কল্যাণীতে। এদিন সকাল থেকেই কল্যাণীর বিভিন্ন এলাকায় বনধ হচ্ছে স্বতঃস্ফুর্ত। দোকানপাট বন্ধ, রাস্তায় লোকজনের সংখ্যা কম।
সরকারি বাস চোখে পড়লেও বেসরকারি যানবাহন তুলনায় কম রাস্তায় নেমেছে। বনধকে কেন্দ্র করে যাতে কোনও রকম অশান্তির সৃষ্টি না হয় তার জন্য তৎপর পুলিশ প্রশাসন। বনধ সফল করতে এদিন বিজেপির বাইক মিছিল বের হলে পুলিশ ৬ জনকে আটক করেছে বলে দাবি বিজেপির। কল্যাণী পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে এদিন রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা।
অন্যদিকে বিজেপি কর্মী বিজয় শীল খুনের ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যের সমস্ত থানা ঘেরাও কর্মসূচিও নিয়েছে রাজ্য বিজেপি। বিজেপি নেতা মুকুল রায় দলীয় কর্মী খুনের ঘটনায় নিরেপেক্ষ তদন্ত চেয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ট্যাগ করে একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, ‘ফের একই কায়দায় রাজ্যের এক বিজেপি কর্মী খুন হলেন, এবার নদিয়ার গয়েশপুরে। রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে’।
বিজেপি নেতা অরবিন্দ মেননও টুইট করে ঘটনার তীব্র নিন্দা করেন। ঘটনায় সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংও। শাসকদলকে সরাসরি আক্রমণ করে অর্জুন বলেন, আগে লোকে টিভিতে রামায়ন-মহাভারত দেখতেন। এখন টিভি খুললেই রাজনৈতিক হত্যার খবর সামনে আসছে। অপরদিকে খুনের তত্ত্ব মানতে নারাজ তৃণমূল, তাঁদের দাবি, খুন নয় এটা আত্মহত্যার ঘটনা।


Post a Comment
Thank You for your important feedback