গরুপাচার তদন্তে মানিকতলার অভিজাত আবাসনে সিবিআই তল্লাশি

 গরুপাচার তদন্তে মানিকতলার অভিজাত আবাসনে সিবিআই তল্লাশিএর আগেই গরুপাচার তদন্তে কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। মাঝখানে কিছুদিন বিরতির পর ফের সিবিআই হানা শহরে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার মানিকতলা মেন রোডের একটি অভিজাত আবাসনে হানা দেয় সিবিআইয়ের গোয়েন্দারা। এছাড়াও আরও তিন জায়গায়ায় তল্লাশি চালিয়েছে সিবিআই। 

 

সূত্রের খবর, এদিন মানিকতলা মেন রোডের ওই আবাসনের ১৪ তলায় রাজেন পোদ্দার নামে এক নির্মান ব্যবসায়ীর ফ্ল্যাটেই চলে তল্লাশি। জানা গিয়েছে তিনি সাতটি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন। গরুপাচার চক্রের মূল পাণ্ডা এনামুল হকের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলেই জানতে পেরেছে তদন্তকারীরা। এর আগোই গরুপাচার চক্রের তদন্তে নেমে সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিক সহ রাজ্যের অনেক নেতা-নেত্রীদের নাম উঠে আসে। সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে এনামুল হক, সীমান্তরক্ষী বাহিনীর এক কমান্ডান্ট, তাঁর ছেলে-সহ বাহিনীর একাধিক আধিকারিক এবং শুল্ক দফতরের আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। এদিনের তল্লাশি প্রসঙ্গে সিবিআইয়ের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, তল্লাশি চলছে, বহু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। এবার সেই সমস্ত নথি খতিয়ে দেখে পুরোটা বলা সম্ভব।

 ওই নির্মান ব্যবসায়ী ছাড়াও এদিন শহরের দুই চার্টার্ড অ্যাকাউন্টের বাড়িতেও হানা দেয় সিবিআই গোয়েন্দারা। ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডের তদন্তে রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালীর নাম পেয়েছে সিবিআই। সূত্রের খবর, পাচার চক্রের পাণ্ডাদের কাছ থেকে গরুপাচারের অর্থের একটা বড় অংশ চলে যেত ওই প্রভাবশালীদের হাতে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা। এবার সেইসমস্ত প্রভাবশালীদের সম্পর্কে খোঁজখবর শুরু করেছে সিবিআই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post