করোনা ভাইরাস তাঁকে মাঠের বাইরে রেখেছিল বেশ কয়েকদিন। কিন্তু গোল করতে ভুলিয়ে দিতে পারেনি। করোনা জয় করে মাঠে নামলেন পরিবর্ত ফুটবলার হিসেবে, আর নেমেই করলেন জোড়া গোল। দলও জিতল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফের একবার প্রমাণ করলেন তাঁর ঈশ্বরদত্ত প্রতিভা।
তাঁর জোড়া গোলের সুবাদেই সিরি-এতে ৪–১ গোলে স্পেজিয়াকে হারাল জুভেন্তাস। ইতালির এক নম্বর সিরি-এ লিগের ম্যাচে প্রথম থেকে মাঠে নামেননি সিআর-৭। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে পাওলো দিবালার পরিবর্তে রোনাল্ডোকে মাঠে নামান কোচ। আর মাঠে নামার তিন মিনিটের মধ্যেই গোল করে বুঝিয়ে দিলেন তিনি আছেন স্বমহিমায়। এরপর ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন রোনাল্ডো।
এর আগে জাতীয় শিবিরে থাকাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। সেখান থেকে সংক্রমিত অবস্থায় ইতালি ফিরে বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন তিনি। এরপর একাধিকবার করোনা পরীক্ষা করানো হলেও রিপোর্ট পজিটিভ আসায় বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি সিআর-৭। শেষপর্যন্ত এদিন নামলেন জুভেন্তাসের হয়ে। আর জোড়া গোল করে বুঝিয়ে দিলেন, গোল করতে ভোলেননি তিনি।

Post a Comment
Thank You for your important feedback