আগামীকালই রাজ্যে শুরু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। করোনা আবহে দীর্ঘ সাড়ে সাত মাসের বেশি সময় বন্ধ ছিল এই পরিষেবা। কিন্তু এর আগেই ফের লোকাল ট্রেনের চাকা বন্ধের একটা সম্ভাবনা তৈরি হল। কলকাতা হাইকোর্টে কালী, জগদ্ধাত্রী ও ছটপুজো নিয়ে একটি জনস্বার্থে মামলার শুনানি চলাকালীন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিলেন বিচারপতি সঞ্জীব চট্টোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘জগদ্ধাত্রী পুজোই হোক বা কালী পুজো, যেসব জায়গায় প্রচুর লোকের জনসমাগম হয়, ওই দিনগুলো সেইসব জায়গায় যেন লোকাল ট্রেন না চালানো হয়’।
তাঁর আরও পর্যবেক্ষণ, ‘কালীপুজোর দিন ট্রেন সম্পূর্ণ বন্ধ রাখলে ভালো। জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরগামী ট্রেন নিয়ন্ত্রণ করলে ভালো’। তবে ছটপুজো নিয়ে আদালতের পর্যবেক্ষণ, ‘ছটে শোভাযাত্রা করার অনুমতি দেওয়া সম্ভব নয়। কারণ ছটে কোন পরিবার থেকে ক’জন বেরোবে রাজ্যের পক্ষে ঠিক করে দেওয়া অসুবিধার’। এই বিষয়ে রাজ্য সরকারকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য হাইকোর্টের। বিচারপতির কথায়, ‘ভ্যাকসিন আসছে বলেই আমরা আগাম সতর্কতা নেব না। এটা হতে পারে না’।


Post a Comment
Thank You for your important feedback