বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড়েই এবার শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার পড়ল। আর তাতেই বীরভূমে শোরগোল পড়ে গিয়েছে। বর্তমানে দলীয় পতাকা ও প্রতীক ছাড়াই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন তিনি দলীয় শীর্ষনেতাদের আচরণে খুশি নন। সেইসঙ্গে নানান ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে শাসকদলের শীর্ষনেতাদেরই বিঁধে চলেছেন। এই পরিস্থিতিতে তাঁর নিজের জেলা ও জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় শুভেন্দুর পাশে দাঁড়িয়ে পোস্টার পড়ছিল।
‘আমরা দাদার অনুগামী’ লেখা ওই পোস্টার, ব্যানারে নেই তৃণমূলের প্রতীক। এবার একই রকম পোস্টারে পড়ল অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে। এই জেলার সিউড়িতে সোমবার সন্ধ্যা থেকেই দেখা মিলল শুভেন্দুর ছবি দেওয়া পোস্টার। তাতে লেখা ‘শুভেন্দু অধিকারী জিন্দাবাদ’ এবং নীচে লেখা ‘আমরা দাদার অনুগামী, বীরভূম’। শুভেন্দুর নামে এই পোস্টার সিউড়িতে কে বা কারা সাঁটাল সে সম্পর্কে কিছু জানা যায়নি। তারপর থেকেই শহর জুড়ে শুরু হয়েছে জল্পনা। বীরভূমে বিজেপির জেলা সভাপতি শ্যামপ্রসাদ মণ্ডলের দাবি , ‘তৃণমূলের অন্দরে ফাটল। তাদের দলে শুভেন্দুর অনুগামীরাই এই কাজ করছে’৷
যদিও সিউড়ি শহর তৃণমূলের নেতারা বলছেন, বিতর্ক তৈরি করতে বিরোধীরাই এই ধরনের কাজ করছে। অবশ্য পুরো বিয়য়ে এখনও মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। তবে জেলা তৃণমূল নেতারা এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য দেখছেন না। তাঁদের বক্তব্য, শুভেন্দু রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং জনপ্রিয় নেতা। তাঁর সমর্থনে পোস্টার পড়তেই পারে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বীরভূমে এই ধরনের পোস্টার যথেষ্ঠই তাৎপর্যপূর্ণ।


Post a Comment
Thank You for your important feedback