মঙ্গলবার বিকেলে আচমকাই আগুন লেগে গেল তপসিয়া ২৪ নম্বর বাসস্ট্যান্ড লাগোয়া খালপাড় বস্তিতে। বাঁশ ও দরমার বেড়ার ঝুপড়ি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ২০টির বেশি ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকলকর্মীরা বুঝতে পারেন আগুনের ভয়াবহতা। দ্রুতই আরও ইঞ্জিন ডাকা হয় তপসিয়া খালপাড় এলাকায়। কিছুক্ষনের মধ্যেই দমকলের ২০টি ইঞ্জিন কাজ শুরু করে। ঘটনাস্থলে নিয়ে আসা হয় অত্যাধুনিক রোবট ইঞ্জিন।

কিন্তু জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এর পাশাপাশি ওই বস্তিতে বেশ কয়েকটি মোবিল ও তেলের কারখানা থাকায় আগুন নিয়ন্ত্রন আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। যদিও প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে সমস্যা হয়েছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন দমকলকর্মীরা। সন্ধ্যের পর সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন দমকলের আধিকারিকদের সঙ্গে।


Post a Comment
Thank You for your important feedback